
রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।
সূচকে দেখা গেছে, ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২০ গুণেরও বেশি রয়েছে। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বেচারাম দেউড়ি (২১৪) ও মিরপুর ৬-এর শিয়ালবাড়ি সরকারি অফিসারস কোয়ার্টার (২০৫) এলাকা। এই দুই এলাকায় বাতাসের মান খুবই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকায় এরপরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮৯), মহাখালীর আইসিডিডিআরবি (১৮৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৮১), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭৭), গুলশান লেক পার্ক (১৭০) ও পীরেরবাগ রেললাইন এলাকা (১৬১)।
সকালে এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের ডাকার ও ভিয়েতনামের হ্যানয়। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
