বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ

খেলা শিরোনাম
অনুশীলনে হামজা চৌধুরী। সিঙ্গাপুরের বিপক্ষে তার দিকে থাকবে বিশেষ নজর। ছবি: বাফুফে

দলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতিতে ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন একটু একটু করে বাস্তবায়নের পথে এবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।

ম্যাচটি নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে হামজা, শোমিত সোমদের পেয়ে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন সমর্থকরা। দলের লক্ষ্য, হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে এশিয়ান কাপের মূল পর্বের দিকে আরেকটু এগিয়ে যাওয়া।

তবে কাজটা বাংলাদেশের জন্য সহজ হবে না। মূল পর্বের টিকেট পেতে হতে হবে গ্রুপ সেরা। ‘সি’ গ্রুপে বাংলাদেশর বাকি দুই প্রতিপক্ষ ভারত ও হংকং। ফিফা র‌্যাঙ্কিংয়ে এই গ্রুপের তালানীর দল বাংলাদেশ, ১৮৩তম।

আশার দিক হলো এই রাউন্ডের প্রথম ম্যাচে গ্রুপে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থকা ভারতের (১২৫) সঙ্গে ড্র করে বাংলাদেশ। বাকি দুই দলের মধ্যে হংকং ১৫৩তম, সিঙ্গাপুর ১৬১তম। গ্রুপে চার দলেরই পয়েন্ট সমান ১ করে।

একই দিনে হংকংয়ের মাঠে খেলবে ভারত। চার দলের সামনেই তাই শীর্ষে ওঠার হাতছানি।

সিঙ্গাপুর ম্যাচে হামজা তো আছেনই, কোচ হাভিয়ের কাবরেরা পাচ্ছেন ইতালির সেরি ‘ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম ও কানাডা লিগে খেলা মিডফিল্ডার শোমিত সোমকে। শোমিত আসায় মাঝমাঠ নিয়ে ‘মধুর বিড়ম্বনায়’ পড়ার কথা বলেছেন কাবরেরা নিজেও।

দুই দলই প্রস্তুতি সেরেছে জয় দিয়ে। বাংলাদেশ হারায় ভুটানকে, আর সিঙ্গাপুর মালদ্বীপকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *