
অমর্ত্য সেনের সতর্কবাণী: বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, ড. ইউনূসের ওপর বিশাল দায়িত্ব
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে।” এই পরিস্থিতি উত্তোরণে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি শান্তিনিকেতনে তাঁর পৈতৃক বাড়িতে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন অমর্ত্য সেন।
আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে সতর্কবাণী
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে অমর্ত্য সেন বলেন, “এটি একই ভুলের পুনরাবৃত্তি হবে। যে কারণে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছিল।” তিনি বলেন, রাজনৈতিক সহনশীলতা এবং গণতন্ত্রের মূল্যবোধকে শক্তিশালী করাই হওয়া উচিত দেশের প্রধান লক্ষ্য।
ড. ইউনূসের ভূমিকায় আস্থা
ড. মুহাম্মদ ইউনূসের সম্পর্কে তাঁর মূল্যায়ন জানতে চাইলে অমর্ত্য সেন বলেন, “ড. ইউনূস আমার পুরোনো বন্ধু। তিনি অত্যন্ত যোগ্য এবং বিভিন্ন দিক থেকে অসাধারণ একজন মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি বিষয়ে শক্তিশালী বিবৃতি দিয়েছেন।”
ড. ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বলেন, “যদি হঠাৎ করে কেউ কোনো দেশের প্রধান হয়ে যান, তাহলে তাকে ড. ইউনূসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে। তিনি বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং সামাজিক গোষ্ঠীকে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে বাধ্য। ড. ইউনূসের সক্ষমতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”
অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণ এবং দেশের স্থিতিশীলতা ফিরে আনার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সক্ষম হবে।
ক্ষেত্রে ক্ষেত্রে ড. ইউনূসের সফলতার গুরুত্ব অমর্ত্য সেন স্পষ্ট করে দিয়েছেন এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের প্রতি তাঁর আশাবাদ প্রকাশ করেছেন।
