বাংলাদেশকে নিয়েই ১৭ বছর পর ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

খেলা

আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ভবিষ্যৎ সময়সূচিতে উল্লেখ ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের। আসন্ন সীমিত ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ডের সম্মতিতে সিরিজ নির্ধারিত হয় শুধু টি-টোয়েন্টি। বুধবার পাঁচ ম্যাচের সেই সিরিজের দিনক্ষণ ও ভেন্যু জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, আগামী বছর ছেলেদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, উভয় ক্রিকেট বোর্ড পরস্পরের সম্মতিতে তিনটি ওয়ানডে ম্যাচের পরিবর্তে আরও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করতে রাজি হয়েছে। ম্যাচগুলো ফয়সালাবাদ ও লাহোরে অনুষ্ঠিত হবে ২৫শে মে থেকে ৩ জুন পর্যন্ত। ২৫ ও ২৭শে মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ দিয়েই দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইকবাল স্টেডিয়ামে। এই মাঠে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটিও ছিল বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার। সেই ওয়ানডে ম্যাচটি খেলা হয় ২০০৮-এর এপ্রিলে। সেবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সফরকারীরা হেরে যায় ৭ উইকেটে। ৩০শে মে, ১লা জুন ও ৩রা জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *