
খবর ৫২ ডেস্কঃ
উত্তর জেরুজালেমের রামাত বসতি এলাকার একটি বাস স্টপেজে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) চালানো বন্দুক হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন।
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, চারজন ঘটনাস্থলেই নিহত হন, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আহতদের মধ্যে নয়জন গুলিবিদ্ধ এবং তিনজন ভাঙা কাঁচের আঘাতে আহত হয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই ফিলিস্তিনি যুবক স্থানীয়ভাবে তৈরি সাবমেশিন গান নিয়ে বাসে উঠে গুলি চালান। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হন। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘জেরুজালেমের এ অভিযান দখলদার শক্তির অপরাধের স্বাভাবিক প্রতিক্রিয়া। শত্রুর পরিকল্পনা কোনোদিনও শাস্তি ছাড়া পার পাবে না।’
একইসঙ্গে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এ ঘটনাকে ‘বীরত্বপূর্ণ অভিযান’ হিসেবে উল্লেখ করেছে।
