বছরব্যাপী যুদ্ধ নয়, সময়সীমা হতে পারে কয়েক সপ্তাহ: নেতানিয়াহু

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায়, যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে না, সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যেই নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব।

ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধ দ্রুত ও সিদ্ধান্তমূলক হতে পারে, যদিও কিছুটা সময় লাগতে পারে। ইসরাইলি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি অনলাইন ব্রিফিংয়ে জানান, সামরিক অভিযানের সাধারণ সময়সীমা কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নেয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা বদলাতে পারে। ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা কম বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে বলে ধারণা দিলেও পরে দীর্ঘ সময়সীমার ইঙ্গিত দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। যা স্থলযুদ্ধ ছাড়াই অর্জন সম্ভব বলে তাদের বিশ্বাস।

সংঘাত ইতিমধ্যে আঞ্চলিক পরিসরে বিস্তৃত হয়েছে। ইসরাইল তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র আইআরআইবির কমপ্লেক্সে হামলা চালিয়েছে এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অবস্থানেও আঘাত করেছে। তেলআবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *