
অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশের ডেরায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। শুধু বাংলাদেশই নয়, উপমহাদেশেই তিনি প্রথম, যিনি খেলেছেন বিশ্বের শীর্ষ লীগ-ইংলিশ প্রিমিয়ার লীগে। দেশে দু’দিন আগে এলেও এখন দলের সঙ্গে অনুশীলন করা হয়নি তার। এমনকি দলের সদস্যদের সঙ্গেই দেখা গতকাল। তবে ভারত ম্যাচের আগে এখনও পাঁচটি সেশন অনুশীলন আছে বাংলাদেশ দলের। পাঁচ সেশনে হামজা দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করেন বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা। ২৫শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ সকালে শিংলয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এর আগে গতকাল সন্ধ্যায় কিংস অ্যারেনায় হামজা চৌধুরীকে নিয়ে প্রথম অনুশীলন সেশন করেছেন এই স্প্যানিশ কোচ। অনুশীলনে নামার আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচে। কীভাবে তাদের সামলাব, সেটা নিয়েই ভাবছি। সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হলো। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারত চ্যালেঞ্জ নিতে সবাই মোটামুটি প্রস্তুত।’ ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২৫শে মার্চ লাল-সবুজ জার্সিধারীদের প্রথম ম্যাচ ভারতের মাটিতে শিলংয়ে। সবকিছু ঠিক থাকলে সেদিন ইংল্যান্ড প্রবাসী হামজার আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের হয়ে। ওইদিন হামজাকে শুরুর একাদশে খেলানো হবে কিনা জানতে চাইলে কাবরেরা বলেন, ‘এখনও পাঁচটি অনুশীলন সেশন বাকি আছে। একাদশ নিয়ে আমাদের অবশ্যই আমাদের ধারণা আছে। ইতিমধ্যে ১৯ দিনের ক্যাম্প শেষ হয়ে গেছে। আমরা এখনো চূড়ান্ত লাইনআপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিনি। এটা একদিক থেকে ভালো ব্যাপার। কারণ, অনুশীলন সেশনগুলোতে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবেন। অনেক তাড়না দেখিয়েছে সবাই, সবাই একাদশে থাকতে চায়। শেষ সেশন পর আমরা লাইনআপ চূড়ান্ত করতে পারবো। তবে যা কিছু করবো, ভারতকে হারানোর জন্য করবো।’ শিলংয়ের উদ্দেশে আাজ সকাল ৯টায় রওনা দেবে দল। মাঠের লড়াইয়ের আগে চার দিন প্রস্তুতি গুছিয়ে নেওয়ার সময় পাবেন কাবরেরা। এই সময়ে নিজেদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পথটা খুঁজে পেতে চান বাংলাদেশ কোচ। বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলার আশাবাদ জানিয়েছেন হামজা। ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার লম্বা সময় দলে প্রভাব রাখবে বলে বিশ্বাস কাবরেরার। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই তার একটা প্রভাব থাকবে দলের উপর, কিন্তু আমি এটাও মনে করি, হামজা এবং পুরো দলকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদে ভাবতে হবে। হয়তে আমরা ভাবছি, হামজা এখন আমাদের কি দিতে পারে, কিন্তু দারুণ খবর হচ্ছে, অনেক বছর হামজা দলের সাথে থাকবে। আমাদের প্রথম মিশন অবশ্যই ভারতের বিপক্ষে জেতা, কিন্তু সবচেয়ে ভালো খবর হচ্ছে, হামজা জাতীয় দলের অংশ থাকবে অনেক বছর।’
