ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ফাবিও

খেলা

খবর ৫২ ডেস্ক

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার ফাবিও। মঙ্গলবার (১৯ আগস্ট) ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে তিনি তার ক্যারিয়ারের ১৩৯১তম ম্যাচটি খেলেন। এর মধ্য দিয়ে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনের রেকর্ড ভেঙে দিলেন।

৪২ বছর বয়সী ফাবিও বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলছেন। ফ্লুমিনেন্সের হয়ে এদিন ছিল তার ২৩৫তম ম্যাচ। এর আগে তিনি ক্রুজেইরার হয়ে ৯৭৬ ম্যাচ, ভাস্কো দ্য গামার হয়ে ১৫০ ম্যাচ এবং উনিয়াও বান্দেইরান্তের হয়ে ৩০ ম্যাচ খেলেছেন।

পিটার শিলটন ১৯৯৭ সালে অবসর নেওয়ার সময় তার রেকর্ড ছিল ১৩৯০ ম্যাচ। যদিও তিনি দাবি করেন ১৩৮৭ ম্যাচ খেলার। ফাবিও ১৯৯৭ সালেই তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ধীরে ধীরে শিলটনের রেকর্ডের দিকে এগিয়ে যান এবং অবশেষে তা ভেঙে দেন।

ফাবিওর এই রেকর্ডকে ফ্লুমিনেন্স ক্লাব ও বিভিন্ন সংবাদমাধ্যম স্বীকৃতি দিয়েছে। তবে ফিফা বা দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রেকর্ড গড়ার পর ফাবিও বলেন, “এমন একটি রেকর্ড ভাঙার গুরুত্ব কতটা বিশাল, আমরা অনেক সময় বুঝতেই পারি না। এত বছর ধরে টিকে থাকা রেকর্ড ভাঙতে পারাটা সত্যিই বিশেষ কিছু।”

ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো বলেন, “এমন রেকর্ড গড়তে হলে নিখুঁত পেশাদারিত্ব ছাড়া সম্ভব নয়। ফাবিও আরও অনেক বছর ধরে খেলবেন, আর ভবিষ্যতে এ রেকর্ড ভাঙা কারও জন্য খুবই কঠিন হবে।”

চলতি বছরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ক্লাব বিশ্বকাপে ফাবিও দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন এবং দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। তার ঝুলিতে রয়েছে ২০২৩ সালের কোপা লিবার্তাদোরেস শিরোপা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *