
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপি।
আজ সোমবার বিকেলে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুলের নেতৃত্বে একটি মিছিল অষ্টগ্রাম হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নিজামুল হক নজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুবায়ের হাসান ইয়ামিন এবং অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একজন সৎ, নির্ভীক ও আদর্শবান রাজনীতিবিদ। জামায়াত ও এনসিপির একটি চক্র পরিকল্পিতভাবে তার রাজনৈতিক অবস্থানকে কলুষিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ তারা আরও বলেন, ‘তাদের এই মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনা অতীতের মতোই এবারও ব্যর্থ হবে। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।’
বিক্ষোভকারীরা সমাবেশ শেষে ফজলুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
