
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে একেকজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জয়কে এক লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
রায়ের ঘোষণা উপলক্ষে আদালতের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিরাপত্তা তদারকিতে বিজিবি মোতায়েন রয়েছে। পুলিশ ও র্যাবও আদালত চত্বরে টহল দিচ্ছে।
এ মামলাগুলোতে আদালতে হাজির ছিলেন একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম। শেখ হাসিনা, জয় ও পুতুল পলাতক রয়েছেন।
তিনটি পৃথক মামলায় অভিযোগপত্র অনুসারে, পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজউক কর্তৃক ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছিল।
প্রথম মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার ছেলে ও মেয়ে ছাড়াও ১২ জনকে আসামি করা হয়েছিল। দ্বিতীয় মামলায় ১৭ জন এবং তৃতীয় মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে আদালতে মোট ৮০-এর বেশি সাক্ষী শুনানি দিয়েছেন।
জয় ও পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়ার পর, প্রধান আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তিনটি মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
