প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিজয় দিবসের আহ্বান: ‘জাতীয় ঐক্যে নতুন শপথ নেওয়ার দিন’

জাতীয়

ঢাকা, ১৫ ডিসেম্বর (খবর৫২ ডেস্ক): প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মহান বিজয় দিবসে জাতির নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের প্রকৃত ক্ষমতায়ন ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন ১৬ ডিসেম্বর।

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ-তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন জাতিসত্তা ও লাল-সবুজের পতাকা।”

তিনি এই দিনে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রফেসর ইউনূস বলেন, “মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা বারবার স্বৈরাচার ও অপশাসনে ম্লান হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।”

তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন ও সংস্কার কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, দেশের জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে উন্নত ও সুশাসিত বাংলাদেশের ভিত গড়ে তোলার কাজ এগিয়ে চলছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামীর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

তিনি বলেন, “আসুন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকলে মিলে হাতে হাত রেখে এগিয়ে যাই শান্তি ও সমৃদ্ধির পথে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *