রাতেই শহীদ মিনারে অবস্থানকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলা-গ্রেপ্তার তীব্র নিন্দা
ঢাকা, ১২ অক্টোবর ২০২৫: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির সময় এ হামলা চালায় পুলিশ।
রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বৈধভাবে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। তবে দুপুর পৌনে ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে সাউন্ড গ্রেনেড ও পরে জলকামান ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় বেশ কয়েকজন শিক্ষককে আটকও করা হয়। এ ঘটনায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনকে পণ্ড করে দিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা কোনোভাবেই কাম্য নয়।”
পুলিশি হামলা ও দমন-পীড়নের প্রতিবাদে মঙ্গলবারের পরিবর্তে সোমবার থেকেই লাগাতার কর্মবিরতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানকালে বলেন, “৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। প্রতিষ্ঠান খোলা থাকবে, কিন্তু আমরা শ্রেণিকাজে অংশ নেব না। আমাদের মোহনা হবে জাতীয় প্রেস ক্লাব।”
তিনি তার বক্তব্যে আরও স্পষ্ট করেন, “যতক্ষণ সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আমরা শহীদ মিনারে অবস্থান করব, ইনশাআল্লাহ।”
এদিকে, শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু এক বিবৃতিতে বলেন, “কোন অসভ্য সমাজে আমরা বসবাস করছি, যেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সমাজ তথা মানুষ গড়ার কারিগরদেরকে লাঠিপেটা করে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে পেটানো হয় এবং গ্রেপ্তার করা হয়?”
