প্রতিবন্ধী ব্যক্তিকে উঠতে না দিয়ে সুস্থ-সবলরা মেট্রোর লিফটে! ভাইরাল ভিডিও

বাংলাদেশ

মেট্রোরেলের প্রতিটি স্টেশনেই রয়েছে সিঁড়ি, এস্কেলেটর এবং লিফট। সুস্থ সবল যাত্রীরা যেখানে চাইলেই সিঁড়ি আর এস্কেলেটর ব্যবহার করতে পারেন সেখানে তারা অমানবিক আর নির্লজ্জের মত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আর বৃদ্ধদের জন্য বরাদ্দকৃত লিফট ব্যবহার করে থাকে। এটি মেট্রোস্টেশন গুলোর দৈনন্দিন চিত্র। এবার দেখা গেলো মেট্রো স্টেশনের এক লিফটে একজন হুইলচেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী ব্যক্তিকে উঠতে না দিয়ে, উপেক্ষা করেই লিফটে উঠে গেছে একদল সুস্থ-সবল যাত্রী। সে সময় এক ব্যক্তির মোবাইলে ধারণ করা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নাড়িয়ে দিয়েছে সামাজিক মাধ্যমকে, বইছে সমালোচনার ঝড়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হুইলচেয়ারে করে লিফটে উঠার জন্য অপেক্ষা করছিলেন। অথচ, লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গেই একদল সুস্থ-সবল ব্যক্তি তাকে উপেক্ষা করে লিফটে ঢুকে পড়ে। হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন সেই ব্যক্তি।

এমন অমানবিক ঘটনায় ক্ষুদ্ধ নেটিজেনরা ধুয়ে দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ থেকে শুরু করে লিফটে নির্লজ্জের মত ওঠা ব্যক্তিদের। রিয়া করিম নামের একজন ভিডিওটি শেয়ার করে  ফেসবুকে লিখেছেন, ‘মানুষের লজ্জা আরও কবে হবে? লিফট ছাড়া মেট্রোতে ওটার জন্য স্কেলেটর, সিঁড়ি আছে ওসব ব্যবহার না করে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত লিফটে কেন উঠতে হবে?’

ঢাকায় বসবাসরত নিয়মিত মেট্রোরেলের যাত্রী ব্যাংকার আসিফ সরকার ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কোথায় মেট্রো কর্তৃপক্ষ? প্রতিবন্ধী ব্যক্তির জন্য লিফটে জায়গা হয়না আপনারা কি এসব দেখেন না? সুস্থ সবল এসব ব্যক্তিদের লাজ-লজ্জা নেই বললেই চলে। মানবিকতা আজ কোথায় দাঁড়িয়েছে ভাবা যায়?’ আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “এই লিফট তো প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য! একটু মানবতা কি দেখানো যেত না?”

অনেকেই আবার বলছেন, মেট্রোর মতো আধুনিক পরিবহন ব্যবস্থায় এমন আচরণ আমাদের নাগরিক সচেতনতার অভাবকে স্পষ্ট করে দেয়। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, স্টেশনে দায়িত্বরত কর্মীরা কেন লিফট ব্যবস্থাপনায় আরও কড়াকড়ি আরোপ করছেন না?

এদিকে ভাইরাল ভিডিওটি দেখে পরিবহন বিশ্লেষকরা মনে করছেন, লিফট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন কঠোর নির্দেশনা এবং মনিটরিং এর। বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীরা মেট্রো কর্তৃপক্ষকে আলাদাভাবে উদ্যেগ নেওয়ার আহ্বান জানান এই সমস্যা সমাধানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *