প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র হবে: ড. জিয়াউদ্দিন

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি বর্তমান সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আজ শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল-নদী খনন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এসব উদ্যোগ দ্রুত মানুষের কাছে দৃশ্যমান হবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে খাস জমিতে সাংবাদিক পল্লী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।’ 

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবরসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *