পিছিয়ে দেওয়া হলো হামজার ‘অভিষেকের’ টিকিট বিক্রির সময়

খেলা

বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটা আজ শনিবার দুপুর থেকে শুরু হওয়ার কথা ছিল। সে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টা থেকে। তবে তার ৪৫ মিনিট আগে বাফুফে জানিয়েছে, এই টিকিট বিক্রি আপাতত শুরু হচ্ছে না। সময় গেছে পিছিয়ে। 

বাফুফে এবারই প্রথম কোনো ম্যাচের টিকিট অনলাইন মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ফুটবল নতুন এক যুগেই প্রবেশ করতে যাচ্ছে বৈকি! 

সিঙ্গাপুর ম্যাচের এই টিকিট টিকিফাই নামক এক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে বিক্রি করবে। টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে হবে আগে। এরপর পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিট পেয়ে যাবেন গ্রাহক।

তবে এক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টিকিট কিনতে পারবেন। বাফুফে জানিয়েছে একজন সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন। সে পদ্ধতিতে আজ শনিবার দুপুর ১২টা থেকে টিকিট বিক্রি শুরুর কথা ছিল। তবে শেষ সময়ে তা পিছিয়ে দিয়েছে বাফুফে।

সে সময়টা খুব বেশি নয় অবশ্য। ৮ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে এ কার্যক্রম। ফলে বাংলাদেশের টিকিট অনলাইন মাধ্যমে মিলবে আজ শনিবার রাত ৮টা থেকে।

বিষয়টি আছে কম্পিটিশন কমিটির অধীনে। সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য গোলাম গাউস কম্পিটিশন কমিটির চেয়ারম্যান। কেন শেষ সময়ে এসে আট ঘণ্টা পিছিয়ে দেওয়া হলো টিকিট বিক্রি? এর ব্যাখ্যা দেন তিনি। 

গোলাম গাউস বলেন, ‘আমাদের একটা মিটিং আছে। সেই মিটিং শেষ করে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। অনলাইন টিকিট বিক্রির কার্যক্রমের সকল প্রস্ততিই সম্পন্ন।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। সে ম্যাচের টিকিটই অনলাইনে গেছে। তার আগে আগামী মাসের শুরুতে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *