
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি দলটি যেন এক টুকরো বাংলাদেশ। আজ কালান্দার্সে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। একই দলে আগে থেকেই আছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আজ এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে দেখা যেতে পারে তিন জনকেই।
আজ দুপুরে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কালান্দার্স লেখে, ‘দেখো কে ফিরে এসেছে!’ সঙ্গে হাস্যোজ্বল রিশাদের দু’টি ছবি। ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থায় স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলেন এই টাইগার ক্রিকেটার। পরে দেশে ফিরে সংযুক্ত আরব আমিরাত সফরে চলে যান জাতীয় দলের সঙ্গে। গত শনিবার ফের শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে ড্যারিল মিচেলের বদলি হিসেবে আসেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গ্রুপ পর্বে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরেন সাকিব। সেই ম্যাচে ব্যাট হাতে প্রথম বলে আউট হয়ে গেলেও বল হাতে খুব একটা খারাপ করেননি। ১৩ ওভারের ম্যাচে ২ ওভারে রান দিয়েছেন ১৮, উইকেট পাননি। পেশাওয়ার জালমির সঙ্গে সেই ম্যাচ জিতে প্লে অফে খেলা নিশ্চিত করে লাহোর। আজকের ম্যাচের আগে যোগ দিয়েছেন মিরাজও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) পর এবারই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগে ডাক পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ। করাচির বিপক্ষে দুই ম্যাচে তার শিকার ৪ উইকেট। এর মধ্যে প্রথম ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট টুর্নামেন্টে তার সেরা বোলিং। আজ এলিমিনেটর ম্যাচে ফাইনালের ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লাহোরের।
