নির্বাচিত সংসদ ছাড়া সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সম্ভব নয়: নজরুল ইসলাম খান

বাংলাদেশ রাজনীতি

খবর ৫২ ডেস্ক:

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংবিধান সংশোধন করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হলে অবশ্যই একটি নির্বাচিত সংসদ প্রয়োজন। সংসদ ছাড়া সংবিধানে বিদ্যমান নির্বাচন পদ্ধতির পরিবর্তন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যেসব রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে রয়েছে, তারাও চাইলেও আসন্ন নির্বাচনে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ সংবিধান সংশোধনের ক্ষমতা শুধু সংসদের হাতে থাকে। তাই এই নির্বাচনের পর সংসদের মাধ্যমেই এটি কার্যকর করতে হবে।

কিছু রাজনৈতিক দলের পিআর পদ্ধতির প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দল যেকোনো প্রস্তাব দিতে পারে, তবে তা কার্যকর হওয়া উচিত নয় যতক্ষণ না পর্যন্ত তা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কিছু সংকট থাকলেও বিএনপি এর চেয়ে অনেক বড় সংকট অতিক্রম করেছে। তাই বর্তমান সংকটও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি ঘোষণা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

  • ৩১ আগস্ট: রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
  • ১ সেপ্টেম্বর: দলীয় কার্যালয় ও জিয়াউর রহমানের সমাধিতে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ। দেশজুড়ে আলোচনা সভা ও শোভাযাত্রা।
  • ২ সেপ্টেম্বর: কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা।
  • ৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌরসভা ইউনিটে আলোচনা সভা ও শোভাযাত্রা।
  • ৪ সেপ্টেম্বর: দেশব্যাপী মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।
  • ৫ সেপ্টেম্বর: সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গোলটেবিল আলোচনা।

এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *