নির্বাচনের তফসিল প্রস্তুত, সিইসির ভাষণ রেকর্ড করতে বিটিভিকে চিঠি

জাতীয় শিরোনাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসির চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ভাষণে তফসিল ঘোষণা করবেন। ইতোমধ্যে সেই ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে ইসি।

সোমবার (৮ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দিয়েছে। রেকর্ডের জন্য ১০ তারিখে ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে।

জানা যায়, আগামী ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা হতে পারে। আর ১২ ফেব্রুয়ারি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে ৮ ও ১০ ফেব্রুয়ারির সম্ভাবনাও আছে। নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সরকারপ্রধান এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। একটি সুষ্ঠু, সুন্দর এবং ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *