নিজেকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণায় অনিচ্ছুক ড. ইউনূস

জাতীয় শিরোনাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হোক এমনটি তিনি চান না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছেন। যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না? আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে।

এর মধ্যে সরকার স্পষ্ট করে বলতে চায় যে, অধ্যাপক ইউনূস চান না তাকে এমন কিছু (জাতীয় সংস্কারক) ঘোষণা করা হোক। আর সরকারেরও এ ধরনের কোনো পরিকল্পনা নেই তাকে এমন কোনো উপাধি দেওয়ার।

বিবৃতিতে বলা হয়েছে, রিট আবেদনকারী নিজে নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে। কীসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তাও স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি দেখবে।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকাল সোমবার হাইকোর্ট রুল জারি করেছেন। জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এ বছরের মে মাসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এমদাদুল হক এই রিট করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *