নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দলে ডাক পেলেন যারা

খেলা

তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১ মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এর মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য শনিবার (২৬ এপ্রিল) ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

নিউজিল্যান্ডের এই সফর মূলত গত বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় সিরিজটি স্থগিত হয়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুনভাবে সিরিজের সময়সূচি ঠিক করা হয়। 

বিসিবির ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। তবে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমনরা। এছাড়া মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনদের মতো পেসারকে এই সিরিজে ডাকা হয়েছে।

আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *