নারী কমিশনের প্রস্তাবনা বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ

জাতীয়

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সেখানে সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা বক্তিগত মান অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।’

এ সময় ‘ক্ষমতা নিয়ে মারামারি হানাহানি করা সমীচীন হবে না’ উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, ‘এভাব টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।’

তিনি আরো বলেন, ‘একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’

এ সময় তিনি জুলাই আন্দোলনে অংশ নেয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন।

সেইসাথে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানান।

সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকে শেষ হয়।

হেফাজতের দাবিগুলোর মধ্যে রয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাইসহ সকল ঘটনার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর গণহত্যা বন্ধের দাবি।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *