খবর ৫২ নিউজ

ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বিগত ৫৪ বছর ধরে এ দেশের সম্পদ লুট করা হয়েছে। যারা সম্পদ লুট করেছে এবং পালিয়েছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না।’
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সিরাতে রাসুলের (স.) আলোকে আমাদের সমাজকে গড়তে হবে। ভবিষ্যতে সৎ ও মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে হবে। দ্বিনের স্বার্থে এবং বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে এবং মাওলানা মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইরফানুল হকের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আওলাদে রাসূল (স.) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। প্রধান আলোচক ছিলেন মুফাসসিরে কোরআন মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদরা মাহফিলে আলোচনা করেন।
মাহফিল শেষে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মোনাজাত পরিচালনা করেন আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
