দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের কাছে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

জাতীয় শিরোনাম

ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি) এবং বজরঙ্গ দল। তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হুমকি, ধর্মীয় স্থান ভাঙচুর ও অন্যান্য নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দিল্লি পুলিশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করছে। নিরাপত্তা থাকা সত্ত্বেও, প্রতিবাদকারীদেরকে পুলিশের বাধা অতিক্রম করে কূটনৈতিক স্থাপনার দিকে অগ্রসর হতে দেখা গেছে। প্রতিবাদকারীরা কমপক্ষে দুটি বাধা অতিক্রম করে কূটনৈতিক ভবনের দিকে এগিয়েছে। সেখান থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এনডিটিভি বলছে, পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। প্রতিবাদকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার ধরে দীপু চন্দ্র দাসের জন্য ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন। একজন প্রতিবাদকারী বলেন, আজ আমরা আমাদের কণ্ঠস্বর না তুললে, আমি দীপু, আপনি দীপু হব।
ওদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ ভারতের বিভিন্ন স্থানে তার কূটনৈতিক মিশনের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ এই ধরনের পরিকল্পিত সহিংসতা বা হুমকিকে নিন্দা জানায়, যা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে না, বরং পারস্পরিক সম্মান ও শান্তি ও সহনশীলতার মূলনীতি লঙ্ঘন করে। মন্ত্রণালয় আরও বলেছে, ভারত সরকারকে অবশ্যই এই ঘটনার একটি বিস্তৃত তদন্ত পরিচালনা করতে হবে, এমন ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভারতের মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
উল্লেখ্য, এ ঘটনার মধ্যে রয়েছে ২২ ডিসেম্বর ২০২৫ সালে সিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারের ভাঙচুর এবং ২০ ডিসেম্বর ২০২৫ সালে দিল্লিতে হাই কমিশনের বাইরে প্রতিবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *