‘দায়মুক্ত হলো বোর্ড’, আশরাফুলকে নিয়ে বিসিবিকে রুবেলের খোঁচা

খেলা

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাতার নিচে ফিরলেন মোহাম্মদ আশরাফুল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বোর্ডের এই সিদ্ধান্তের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

সোমবার বিসিবির বোর্ড সভায় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য আশরাফুলকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এই খবর প্রকাশের পরই রুবেল হোসেন তার ফেসবুক পেজে লেখেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ব্যাটিং কোচ।’ রুবেলের এই সংক্ষিপ্ত মন্তব্যের অর্থ নিয়ে ক্রিকেটপাড়ায় চলছে নানা জল্পনা-কল্পনা। বিসিবি আশরাফুলের অভিজ্ঞতার ওপর আস্থা রাখলেও, রুবেল হোসেনের এই ‘রহস্যময়’ পোস্ট নতুন বিতর্কের খোরাক জোগাল।

আশরাফুলের কোচিং স্টাফে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। এর আগে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

আশরাফুলের নিয়োগ প্রসঙ্গে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক বলেন, ‘আশরাফুলের ব্যাটিং অভিজ্ঞতা ও কোচিং যোগ্যতা অত্যন্ত শক্তিশালী। তিনি লেভেল থ্রি কোর্স করেছেন। তার অভিজ্ঞতা খেলোয়াড়দের শেয়ার করতে পারবেন, এটাই প্রধান কারণ তাকে নেওয়ার।’

আশরাফুল ব্যাটিং কোচ হলে সালাহউদ্দিনের ভূমিকা কী হবে, এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘সালাহউদ্দিন ভাই সিনিয়র সহকারী কোচ। কারও ব্যর্থতার জন্য নয়। ওখানে কাউকে সরানো হয়নি। কোচিং স্টাফে নতুন একজন হিসেবে আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশরাফুলের জন্য এটা নতুন জায়গা। দেখা যাক, ফল কেমন আসে। স্বাভাবিকভাবে পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তার ভবিষ্যৎ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *