দলের নির্দেশে মাঠে আছি: লুনা

বাংলাদেশ রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই মাঠে কাজ করছেন। এখনো সিলেট-২ আসনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের জিন্দাবাজারের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, দল আমাকে মাঠে কাজ করতে বলেছে। মিডিয়া কী লিখল বা কোন উদ্দেশ্যে লিখল- তা আমার জানা নেই। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।

তাহসীনা রুশদী লুনা বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সিলেটের মানুষ সব সময় আমাদের পাশে থেকেছে। সাংবাদিক সমাজও আমাদের কণ্ঠস্বর তুলে ধরেছে। আমি কৃতজ্ঞ সবার প্রতি। 

তিনি বলেন, দল এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে সিলেট-২ আসনের মাঠে আমি কাজ করছি দলের নির্দেশে। আমার কাজ হচ্ছে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা।

লুনা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে প্রার্থী নির্ধারণ হয় কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে। তাই স্থানীয়ভাবে কেউ কাজ করলেই তাকে প্রার্থী ধরে নেওয়া ঠিক নয়। আমি দলের অংশ হিসেবে কাজ করছি। 

তিনি বলেন, সিলেট অঞ্চলের মানুষ ইলিয়াস আলীর আদর্শে অনুপ্রাণিত। তাই মাঠে তাদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ১২ বছর পরও সিলেটের মানুষ তার স্মৃতি বুকে ধারণ করে রেখেছে। এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও শক্তভাবে দাঁড়াবে।

তাহসীনা রুশদী লুনা বলেন, আমি দলের কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি, প্রার্থী হিসেবে নয়। দলই ঠিক করবে কে এই আসনে মনোনয়ন পাবে। 

সিলেট-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার স্ত্রী তাহসীনা রুশদী লুনা গত কয়েকটি জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *