তামিমের চিন্তাভাবনাকে ‘অশিক্ষিত’ বললেন সালাউদ্দিন

খেলা
ছবি: বিসিবি/ফেসবুক

এসএসসি পরীক্ষা না দিয়ে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হক তামিমের শ্রীলঙ্কা সফরে যাওয়ার সিদ্ধান্তকে ‘অশিক্ষিত ও অপরিপক্ক চিন্তাভাবনা’ বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন। তার এই সিদ্ধান্তকে কেউ কেউ ‘দেশের জন্য ত্যাগ’ হিসেবে দেখলেও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা তার এমন সিদ্ধান্তে বিব্রত।

এ মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ যুব দল। হাম্বান্টোটায় ৫ ম্যাচের এই সিরিজে দলের সফরসঙ্গী হতে এসএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। যা একদম পছন্দ হয়নি সালাউদ্দিনের। তার তীর তামিমকে যারা গাইড করেন তাদের দিকে।

‘অনেকে মনে করছেন, দেশের জন্য ত্যাগ করেছে। এটা আসলে অশিক্ষিত চিন্তাভাবনা। এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা না থাকলে শিখবে কী? যারা ওকে গাইড করেছে, তারা ঠিক করেনি। তাকে বোঝানো উচিত ছিল, পরীক্ষা দেওয়া জরুরি।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও তামিমের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। উদাহরণ হিসেবে নিজেকে ও সাকিব আল হাসানকেও তুলে ধরেছেন তিনি।

‘খুবই দুঃখজনক খবর। ছেলেটির উচিত ছিল পরীক্ষা দেওয়া। একটি সিরিজ মিস করলে কিছু আসত-যেত না। ক্যারিয়ার গড়তে হলে লেখাপড়া প্রয়োজন। ক্রিকেট ক্যারিয়ার হলেও হতে পারে, না-ও হতে পারে। ১৯৮৪ সালে আমি নিজে জাতীয় দলে ডাক পেয়েও পরীক্ষার জন্য খেলিনি। সাকিব আল হাসানও ২০০৮ সালে এইচএসসি পরীক্ষার জন্য এশিয়া কাপ খেলেনি।’

ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার গণমাধ্যমকে জানান, ‘কয়েক মাস আগেও সে জানিয়েছিল, এসএসসি পরীক্ষা দেবে। তখন তাকে সাধুবাদ জানিয়েছিলাম। এখন আবার বলছে, পরীক্ষা দেবে না, শ্রীলঙ্কায় খেলতে যাবে। বাবা-মাকে রাজি করিয়ে সিদ্ধান্ত বদলেছে। কে তাকে প্রভাবিত করেছে, জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *