‘তবু হেরে গেলে চলবে না’

বিনোদন

বর্তমানে সুদূর যুক্তরাষ্ট্রে রয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। নিউ ইয়র্কে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেখানকার ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে অভিনয় শেখার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। অভিনয় শিখতে গেলেও নাচটাকে যেন আগলেই রেখেছেন ইভানা। সেখান থেকে প্রায়ই নাচের ভিডিও করেন, যা অন্তর্জালে ইতিমধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে। এর পাশাপাশি অভিনয়ের কোর্স তো করছেনই। দূরে থাকার কারণে অভিনয়ে খানিক বিরতি পড়েছে পারসার। দর্শকরা তার ফেরার আবদার করছেনই, সেটা উপলব্ধি করছেন অভিনেত্রী নিজেও। গত মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে অভিনয়ে ফেরার আশ্বাস দেন ইভানা। তিনি লিখেছেন, আপনারা যেমন আমায় মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে। ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এই দূর দেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুধু আপনাদের জন্য। যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি। এ ছাড়া ইভানা লিখেছেন, জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে নতুন করে, নতুন রূপে! আমি আমার সব দর্শককে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন সবাই। ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে ৮ই মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেন। এরপরই অভিনেত্রী সেখানে পাড়ি জমান। এ বিষয়ে পারসা বলেন, কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও। উত্তরে বললাম, আমি কখনো অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই। এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *