তফসিলের সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা

জাতীয় শিরোনাম

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সে ক্ষেত্রে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যেই চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড ও সফট কপি নির্বাচন কমিশনে পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বৃহস্পতিবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহক মারফত নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট, দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট, আপিল নিষ্পত্তির শেষ সময় ২৩ আগস্ট। আর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ আগস্ট।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। সচিবলায় থেকে মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ২৫ দিন আগে প্রকাশের বিষয়ে তিনি বলেন, আমরা ২৭ আগস্ট প্রকাশের জন্য বলেছি। তার মানে এই নয়, সেপ্টেম্বরে ভোটের কোনো ইঙ্গিত আছে। এ তারিখটা আমরা ৩০ দিন আগেও দিতে পারি। কথা হচ্ছে, অন্তত ২৫ দিন আগে আমরা প্রকাশ করব।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটার করবে ইসি। এতে কারো কোনো তথ্যগত ভুল থাকলে সংশোধনের সুযোগ পাবেন। নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা। ওই তালিকা ইউনিয়ন পরিষদ/পৌরসভায় এবং উপজেলা/থানা নির্বাচন অফিস সমূহে প্রদর্শনের জন্য রাখা হবে। এই তালিকা থেকে কেউ যদি বাদ পড়েন বা কোনো তথ্য ভুল থাকে, তবে ২৪ আগস্টের মধ্যে ভোটার অন্তর্ভুক্তি বা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবরের ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনের মাধ্যমে তারা স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছেন। এক্ষেত্রে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *