ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ রাজনীতি শিরোনাম

জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি দেশের জন্য বড় চ্যালেঞ্জ হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

.

কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ নানা সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় অনেক ভালো হচ্ছে বলে তিনি মনে করেন। যদিও একই সঙ্গে তিনি বলেন, দেশ পরিচালনায় মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করতে হবে এবং দ্রব্যমূল্য আরও কমানো প্রয়োজন।

.

বর্তমান সরকারের প্রতি নিজের অবস্থান তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। বরং বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এসব কর্মসূচির কারণে অনেক নেতাকর্মী অপ্রয়োজনীয়ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তার দাবি, একটি ঘোষণার পর থেকেই বহু নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগজনক।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে কাদের সিদ্দিকী প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *