জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন ওয়াদিফা

খেলা

শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হয়ে আরও দুটি সুখবর পেলেন বাংলাদেশের এই দাবাড়ু। ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি ৫ জুলাই জর্জিয়ার হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপও নিশ্চিত হয়েছে ওয়াদিফার। এ নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা লিজা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা।
জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওয়াদিফা। কখনো এককভাবে আবার কখনো লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ ছিল তাঁর। আজ বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে সেই সুযোগটা লুফে নেন ওয়াদিফা। নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এ জন্য নর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। সে ক্ষেত্রে তাঁর মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা রইল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *