
জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন কেন্দ্র করে ঢাকার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফলে সড়ক ডাইভারশনের মাধ্যমে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উন্মুক্ত কনসার্ট এবং রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক) একটি সাংস্কৃতিক কনসার্টের আয়োজন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
রাস্তার তীব্র যানজট নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত রুটসমূহ
ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবহন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে।
গোলাপশাহ মাজার ক্রসিং থেকে : হাইকোর্ট ক্রসিং ও মৎস্য ভবন ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
সায়েদাবাদ ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবহন : মিরপুর রোড হয়ে নিউ মার্কেট ক্রসিং, আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। অথবা সায়েদাবাদ থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাটা ক্রসিং ও কাটাবন ক্রসিং হয়ে ডানে/বামে মোড় নিয়ে হাতিপুল, পলাশী ও নীলক্ষেত ক্রসিং হয়ে গন্তব্যে যাতায়াত করবে।
মিরপুর রোড টু ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে): মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড হয়ে): ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।
ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে।
আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া এভিনিউ হতে ব্যারিকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে: অনুষ্ঠান চলাকালীন যানজট বা দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
