জামায়াতের নিবন্ধন: রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শিশির মনির

প্রচ্ছদ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে দলটি। 

রোববার (০১ জুন) সকালে নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এছাড়া নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। আপিল বিভাগ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন।

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগ এই রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বৈধ বলে ঘোষণা করেছেন এবং হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন।

রোববার সুপ্রিম কোর্টের রায়ের পর গণমাধ্যমের মুখোমুখি প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

শিশির মনির বলেন, আমরা আদালতের কাছে সংক্ষিপ্ত কপি চেয়েছি, আশা করছি আগামীকালের মধ্যে এটি পাওয়া যাবে, এটা পেলে বিস্তারিত বলা সম্ভব হবে।

প্রতীক দাঁড়িপাল্লার বিষয়টি আজকের সংক্ষিপ্ত রায়ে বুঝা না গেলেও আদালত নির্বাচন কমিশনকে অন্যান্য বিষয়গুলো সমাধান করার যে নির্দেশনা দিয়েছেন এর মাধ্যমে প্রতীকের বিষয়টি বুঝানো হয়েছে। তবে আগামীকাল রায়ের সংক্ষিপ্ত কপিটি পেলে এটি আরো পরিষ্কার হবে।

আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম।

এর আগে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। 

পরে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে।

এরপর গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য ১ জুন দিন ধার্য করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *