খবর৫২শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে তুলতে জামায়াতে ইসলামী ১০০টি আসন ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মনোভাব প্রকাশ করেন।
নির্বাচনী কৌশল ব্যাখ্যা:
গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, “যদিও আমরা ৩০০ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে আমরা সমঝোতা করবো, যাদের সঙ্গে ঐক্য হবে, যে কয়টি দলের সঙ্গেই হোক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, তা নাহলে তো ঐক্য হবে না।” তিনি জামায়াতের আমীরের বক্তব্য উদ্ধৃত করে বলেন, “আমিরে জামায়াত আমাকে একটা আইডিয়া দিয়েছেন, এমনও হতে পারে, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশ আসনও আমাদের ছেড়ে দিতে হতে পারে। আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবেন, কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবো।”
নেতাকর্মীদের প্রস্তুতি নির্দেশ:
জামায়াত নেতাকর্মীদের আগামী দিনের প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দিতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, “এখন থেকে আপনারা পরিকল্পনা করেন যার যার নির্বাচনী এলাকায় কবে বাড়ি যাবেন, যতক্ষণ যেতে দেরি হবে নিজের উপজেলা, ইউনিয়ন, গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করুন।”
সংস্কার প্রক্রিয়া ও বাধা:
পরওয়ার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, “ঐকমত্য কমিশনে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি, তবে একটি বড় দলের বাধায় জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে। তারা মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে, এটা ভেবেছে বলেই ডাকসু, জাকসু নির্বাচনে ফল পেয়েছে।” তিনি আরও জানান, জামায়াত একইসঙ্গে নির্বাচন ও আন্দোলন—উভয় প্রস্তুতিই গ্রহণ করছে।
অনুষ্ঠানের উপস্থিতি:
খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হোসাইনের পরিচালনায় এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
