
জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে তাদের তৈরি করা একটি ‘রূপরেখা’ জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে।
দলটির সদস্য সচিব আখতার হোসেন মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ সংস্কার প্রস্তাব কমিশনের সহ সভাপতি আলী রীয়াজের কাছে হস্তান্তর করেন।
পরে আখতার বলেন, “মৌলিক সংস্কারের বলতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নয় বা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মত বিষয়গুলোকে মনে করি না। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ- এ তিন বিষয়কে অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি।”
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির এই সংলাপ শুরু হয়েছিল ১৯ এপ্রিল। সেদিনের আলোচনার পর সংলাপ মুলতবি হয়।
আখতার হোসেন বলেন, “সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামোকে কীভাবে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদানগুলো থেকে মুক্ত করতে পারি, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বাইরে এসে কীভাবে জাতীয় স্বার্থকে প্রতিফলিত করতে পারি, কীভাবে বিচারবিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসবে হাজির করা যায়, প্রত্যোকটা বিষয়কে মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি। “
সেই মৌলিক সংস্কারের জন্য যে বিষয়গুলোতে সংস্কার আশু প্রয়োজন, তার রূপরেখা ঐকমত্য কমিশনে জমা দেওয়ার কেথা বলেন তিনি।
