জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যু, ডাকসু ভিপির শ্রদ্ধা নিবেদন

রাজনীতি শিরোনাম

খবর৫২শনিবার, ৪ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাদিক কায়েম। শুক্রবার রাত ১১টার দিকে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ দেখে শ্রদ্ধা নিবেদন করেন।


শুক্রবার রাতে ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে ছাত্রদলের শাখা আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঙ্গে রাতের খাবারে অংশ নিচ্ছিলেন হাসিবুর রহমান। এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং হার্ট অ্যাটাক হয়। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ঘটনা নিশ্চিত করে বলেন, “আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”


এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েমের সঙ্গে হাসপাতালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানও উপস্থিত ছিলেন।


মৃত হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্র রাজনীতির মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *