জগন্নাথপুর প্রবাসী সংঘ, ওল্ডহ্যামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত; নতুন আংশিক কমিটি গঠন

কমিউনিটি প্রচ্ছদ শিরোনাম

ওল্ডহ্যাম প্রতিনিধি: যুক্তরাজ্যের ওল্ডহ্যামে সামাজিক সম্প্রীতি, কমিউনিটি উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসা জগন্নাথপুর প্রবাসী সংঘ, ওল্ডহ্যাম-এর দ্বিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আফসর শামিম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মওলা চৌধুরী নিক্সন। সভার শুরুতে সংগঠনের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরা হয় এবং কোষাধ্যক্ষ খালেদ আহমেদ বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বক্তারা বলেন, জগন্নাথপুর প্রবাসী সংঘ ওল্ডহ্যাম দীর্ঘদিন ধরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন কমিউনিটি উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি ঐক্য, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় আরও ব্যাপক পরিসরে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্মেলনের একপর্যায়ে সংগঠনের উপদেষ্টা আখলাকুল আম্বিয়া, আরজু মিয়া, আরিজুর রহমান দারা এবং দিলওয়ার হোসেন-এর সমন্বয়ে আগামী দুই বছরের জন্য ৬ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মওদুদ আহমেদ চেয়ারম্যান, মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিনিয়র ভাইস চেয়ারম্যান, গোলাম মওলা চৌধুরী নিক্সন সাধারণ সম্পাদক, আবিদুল ইসলাম আরজু যুগ্ম সাধারণ সম্পাদক, খালেদ আহমেদ কোষাধ্যক্ষ এবং আহমেদ আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।

সভায় জানানো হয়, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে সকল সদস্য ও কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

দ্বিবার্ষিক সম্মেলনে আরও যারা উপস্থিত ছিলেন, যথাক্রমে – তকলিছ মিয়া, মুহিত আলী, নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আকমল হোসেইন, আনোয়ার হোসেইন, এনামুল হক, সালিক মিয়া, শাহি আহমেদ,সামছুল আলম কামাল এবং মদব্বির হোসেইন প্রমুখ।

ফটো গ্যালারি-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *