ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের নির্দেশ আদালতের

জাতীয় বাংলাদেশ শিরোনাম

খবর ৫২ ডেস্ক:

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫

ঢাকা: রাজধানীর মতিঝিল, পল্টন এবং শাহজাহানপুর থানায় দায়ের করা ছিনতাইয়ের মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিল করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব থানায় দায়ের করা ছিনতাইয়ের মামলার পুলিশ প্রতিবেদন দাখিল করতে দীর্ঘ সময় নেওয়া হচ্ছে। বিচারক তার আদেশে উল্লেখ করেন, ঢাকার প্রায় সব থানাতেই দণ্ডবিধির ৩৯২, ৩৯৩ এবং ৩৯৪ ধারায় দায়ের করা ছিনতাইয়ের মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বিলম্ব হচ্ছে। অনেক মামলা তিন থেকে ছয় মাস ধরে তদন্তাধীন থাকা সত্ত্বেও কোনো প্রতিবেদন জমা পড়ছে না।

বিচারক বলেন, “ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত উদ্যোগের পাশাপাশি দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের জন্য তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিল করা আবশ্যক।” তিনি আরও বলেন, যেসব মামলায় আসামি হাতে-নাতে গ্রেপ্তার হয়েছে এবং আলামত উদ্ধার হয়েছে, সেসব ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ মামলাতেই তিন থেকে পাঁচ মাস লেগে যাচ্ছে।

আদালত আরও উল্লেখ করে যে, এর আগেও বিভিন্ন সময় লিখিত নির্দেশনা এবং ব্যক্তিগতভাবে মৌখিক নির্দেশনা দেওয়া হলেও তা সঠিকভাবে প্রতিপালন করা হয়নি। সম্প্রতি ফৌজদারি কার্যবিধির ১৭৩বি ধারা অনুযায়ী, ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে আসামির পাঁচ থেকে সাত মাস হাজতবাসের পরও প্রতিবেদন জমা দেওয়া হয় না। এর ফলে আসামিরা জামিন পাওয়ার সুযোগ পায় এবং মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়।

বিচারক আদেশে আরও জানান, অজ্ঞাতনামা আসামিদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ বা গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ না করে অনেক সময় শুধু ‘অজ্ঞাতনামা তদন্তে প্রাপ্ত আসামি’ হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে তারা সহজে জামিন লাভ করে। তাই এখন থেকে অজ্ঞাতনামা আসামির ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ এবং তদন্তে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে মতিঝিল, পল্টন এবং শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ছিনতাইয়ের মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *