Yunus sends mangos to China

চীনা প্রেসিডেন্ট শি জিন পিংকে আম পাঠাতে চান প্রধান উপদেষ্টা ইউনূস

জাতীয় প্রচ্ছদ শিরোনাম

খবর৫২ডটকম | ২১ এপ্রিল ২০২৫

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে নিজ হাতে এক ঝুড়ি তাজা আম পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের সাম্প্রতিক সফরের ফলাফল পর্যালোচনায় আয়োজিত এক বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে আলোচনার সময় তিনি এই আগ্রহ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলোচনায় কৃষি ও বাণিজ্যখাতে অগ্রগতি ছিল অন্যতম প্রধান বিষয়। জানানো হয়, আগামী বছর কাঁঠাল রফতানির পরিকল্পনার পাশাপাশি, চলতি মৌসুমেই চীনে আম রফতানি শুরু করবে বাংলাদেশ।

এ সময় প্রফেসর ইউনূস বলেন, “আমি নিজেই প্রেসিডেন্ট শি’র কাছে এক ঝুড়ি তাজা আম পাঠাবো।”

বৈঠকে তিনি চীনে পাট রফতানির পরিধি বাড়ানোর সুযোগ তুলে ধরেন এবং বাংলাদেশের রেলওয়ের লোকোমোটিভ খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া চট্টগ্রাম ও সৈয়দপুরে লোকোমোটিভ তৈরির কারখানা এবং রক্ষণাবেক্ষণকেন্দ্র স্থাপনের পাশাপাশি, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তাব দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব, মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

এই বৈঠককে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *