গুম প্রতিরোধে নতুন আইন অনুমোদন,সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

জাতীয়

গুম প্রতিরোধে কঠোর পদক্ষেপ হিসেবে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রস্তাবিত আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। এসব ট্রাইব্যুনালে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার নিয়ম অন্তর্ভুক্ত থাকবে। গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে।
একই বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন **চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা** করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আরও চারটি স্থলবন্দর নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতিবছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের অনুমোদন দিয়েছে পরিষদ। এ তালিকায় এর আগে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকী অন্তর্ভুক্ত ছিল।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *