গুপ্তচরবৃত্তির অভিযোগে শান্তিকামী অ্যাক্টিভিস্টদের হয়রানি করছে ভারত

আন্তর্জাতিক

ভারতে অভ্যন্তরীণ দমন-পীড়ন উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। পাকিস্তানের সাথে সংঘর্ষ এড়িয়ে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসা ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া কর্মীদের টার্গেট করে দমনপীড়ন ও হয়রানি করছে মোদি নেতৃত্বাধীন ভারত সরকার।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের সংবাদ মতে, অন্তত পাঁচজন কন্টেন্ট ক্রিয়েটার বর্তমানে আটক, নজরদারি, হয়রানির সম্মুখীন। বিশেষ করে যারা আগে পাকিস্তান সফর করেছিলেন এবং দুদেশের জনগণের সাথে জনগণের যোগাযোগের কন্টেন্ট তৈরি করেছিলেন তাদের অনলাইনে অপমানজনক আচরণের মুখোমুখি হতে হচ্ছে। তাদের একমাত্র ‘অপরাধ’ হল- বিজেপি সরকারকে আরও শত্রুতা না বাড়িয়ে যৌক্তিক হওয়ার আহ্বান জানানো।

এসব ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম ৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা। তিনি একজন ভ্রমণ ভ্লগার, ইউটিউব চ্যানেল ‘ট্র্যাভেল উইথ জো’ পরিচালনা করেন। পাকিস্তানের পক্ষে গুপ্তচর বৃত্তির হাস্যকর অভিযোগে হরিয়ানার হিসার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষের অভিযোগ, মালহোত্রা পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহ করতেন এবং তিনি পাকিস্তান হাইকমিশন, এনডিটিভি এবং বেশ কয়েকটি জাতীয় মিডিয়া রিপোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেন।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে দিল্লিতে একজন কূটনীতিক এহসান-উর-রহিমের সাথে দেখা করার পর মালহোত্রা কমপক্ষে দুবার পাকিস্তান সফর করেছিলেন। তার বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্বকে বিপন্ন করার অভিযোগও আনা হয়েছে এবং তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে এই ধরণের মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পানিপতে, ২৪ বছর বয়সী নিরাপত্তারক্ষী নওমান ইলাহিকে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে আটক করা হয়েছে। কৈথলে, ২৫ বছর বয়সী স্নাতকোত্তর ছাত্র দেবেন্দ্র সিং ধিলনকে করতারপুর করিডোর দিয়ে সফরের পর পাকিস্তানের আইএসআই-এর সাথে সামরিক-সম্পর্কিত বিষয়বস্তু সরবরাহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে আরও দুই ব্যক্তিকে পাঞ্জাব পুলিশ আগে গ্রেপ্তার করে।

পর্যবেক্ষকরা আটককৃতদের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এসবকে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুরে’ অপমানজনক পরাজয়ের পর মোদি সরকারের হতাশার প্রতিফলন বলে অভিহিত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *