
ইসরায়েলি জনগণের এক বড় অংশ বিশ্বাস করে, গাজা যুদ্ধ এখন আর শুধুমাত্র নিরাপত্তা বা জিম্মি মুক্তির জন্য নয়—বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল হিসেবেই এটি চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম চ্যানেল ১২-তে প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এই উদ্বেগজনক বাস্তবতা।
জরিপটি সম্প্রচার হয় শুক্রবার (২৩ মে)। এতে অংশগ্রহণকারী ইসরায়েলিদের ৫৫ শতাংশ মনে করেন, নেতানিয়াহুর প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় থাকা। মাত্র ৩৬ শতাংশ মনে করেন, তার মূল লক্ষ্য জিম্মিদের মুক্ত করা। ৯ শতাংশ মানুষ এ বিষয়ে নিশ্চিত নন। এমনকি অনেকেই মনে করেন, হামাসের কাছে আটক থাকা বাকি জিম্মিদের ফেরত আনতে নতুন কোনো চুক্তি না হওয়ার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্যই বড় কারণ। ৫৩ শতাংশ জরিপদাতা একে রাজনৈতিক সিদ্ধান্ত বললেও, ৩৮ শতাংশ বিষয়টিকে যুক্তিযুক্ত বিবেচনা করেছেন।
এছাড়াও, গাজা যুদ্ধের যৌক্তিকতা বোঝাতে নেতানিয়াহুর সাম্প্রতিক প্রচেষ্টাকে ৬২ শতাংশ ইসরায়েলি অকার্যকর মনে করেছেন। এমনকি বৃহস্পতিবার কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে নেতানিয়াহু নিজেই বলেছেন, তিনি দলের কাজ সম্পর্কে জানেন না। এই বক্তব্যকেও ৫৮ শতাংশ মানুষ অবিশ্বাসযোগ্য বলে মনে করেছেন। এইসব তথ্য থেকে স্পষ্ট, নেতানিয়াহুর যুদ্ধনীতি এখন ইসরায়েলিদের মধ্যেও আস্থা হারাচ্ছে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। যুদ্ধ নয়, শান্তি ও মানবিকতা এখনই সবচেয়ে জরুরি—এটাই সময়ের দাবি। তথ্যসূত্র : টাইমস অব ইসরাইল
