কোহলিকে টপকে ভারতের সবচেয়ে মূল্যবান তারকা শাহরুখ খান

বিনোদন

ভারতের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ডের তালিকায় বড় পরিবর্তন এসেছে। কনসালটিং প্রতিষ্ঠান ক্রলের সর্বশেষ তারকা ব্র্যান্ড মূল্যায়ন প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে শীর্ষে থাকা ক্রিকেটার বিরাট কোহলিকে পেছনে ফেলে এবার এক নম্বরে উঠে এসেছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান।

বিশেষ করে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ‘ডানকি’ মুক্তির পর শাহরুখ খানের আর কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তারপরও তার ব্র্যান্ডমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে শীর্ষস্থান দখল করেছে।

ক্রলের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের বর্তমান ব্র্যান্ডমূল্য ১৭৭ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালে তালিকায় তৃতীয় অবস্থানে থাকা শাহরুখ এবার দুই ধাপ এগিয়ে প্রথম স্থান দখল করেছেন।

অন্যদিকে, বলিউড অভিনেতা রণবীর সিং ১৬২ দশমিক ৯ মিলিয়ন ডলার ব্র্যান্ডমূল্য নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। গত বছর তিনি বিরাট কোহলির পরে দ্বিতীয় স্থানে ছিলেন। তবে এবার কোহলিকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন রণবীর। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্য তার ব্র্যান্ডমূল্য বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালে তালিকার শীর্ষে থাকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় অবস্থানে। তার ব্র্যান্ডমূল্য বর্তমানে ১৫৮ দশমিক ৪ মিলিয়ন ডলার।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তার ব্র্যান্ডমূল্য ১২৫ দশমিক ৯ মিলিয়ন ডলার। পঞ্চম স্থানে রয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যার ব্র্যান্ডমূল্য ১১৫ দশমিক ৩ মিলিয়ন ডলার।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ৯৩ দশমিক ৯ মিলিয়ন ডলার ব্র্যান্ডমূল্য নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছেন। সপ্তম স্থানে থাকা দীপিকা পাড়ুকোনের ব্র্যান্ডমূল্য ৮৯ দশমিক ২ মিলিয়ন ডলার।

তালিকার অষ্টম স্থানে রয়েছেন হৃতিক রোশন, যার ব্র্যান্ডমূল্য ৮৮ দশমিক ৯ মিলিয়ন ডলার। নবম স্থানে অমিতাভ বচ্চন তার ব্র্যান্ডমূল্য ৮০ দশমিক ৮ মিলিয়ন ডলার। আর ৮০ মিলিয়ন ডলার ব্র্যান্ডমূল্য নিয়ে সেরা দশের তালিকা সম্পূর্ণ করেছেন অক্ষয় কুমার।

এ ছাড়া ক্রলের তালিকায় রয়েছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান, রোহিত শর্মা, কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে ও জাসপ্রিত বুমরাহর মতো তারকা।

এদিকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন।

‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে নতুন সিনেমা মুক্তির আগেই ভারতের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ডের তালিকায় শীর্ষে উঠে শাহরুখের ব্র্যান্ড আধিপত্য আরও শক্তিশালী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *