কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খোলার নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার সরকারকে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে একটি দ্বীপে অবস্থিত কুখ্যাত কারাগার আলকাট্রাজ পুনরায় চালু ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। রবিবার (৪ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘অনেক বেশি দিন ধরে আমেরিকা হিংস্র, সহিংস এবং পুনরাবৃত্ত অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে আলকাট্রাজ পুনরায় চালু করা হবে।’

এই কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে আলকাট্রাজ দ্বীপ একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছাকাছি অবস্থিত।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, আজ আমি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কারাগারের ব্যুরোকেও একত্রে সম্প্রসারিত ও পুনর্গঠিত আলকাট্রাজ পুনরায় চালু করার নির্দেশ দিচ্ছি।’

এই কারাগারে ‘আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের’ রাখা হবে বলে জানান তিনি।

অভিযুক্ত গ্যাং সদস্যদের এল সালভাদরের একটি কারাগারে পাঠানোর নীতিকে কেন্দ্র করে আদালতের সঙ্গে দ্বন্দ্বে রয়েছেন ট্রাম্প। মার্চ মাসে তিনি ২০০-এর বেশি ভেনেজুয়েলান সন্দেহভাজন গ্যাং সদস্যকে সেখানে পাঠান। তিনি ‘দেশীয় অপরাধীদের’ বিদেশি কারাগারে পাঠানোর কথাও বলেছেন।

আলকাট্রাজ প্রথমে একটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল। ২০ শতকের শুরুতে এটিকে একটি সামরিক কারাগারে রূপান্তর করা হয়। ১৯৩০-এর দশকে বিচার বিভাগ এটি দখলে নিয়ে ফেডারেল বন্দিদের গ্রহণ শুরু করে। এর বিখ্যাত কয়েদিদের মধ্যে ছিলেন কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন, মিকি কোহেন এবং জর্জ ‘মেশিন গান’ কেলি।

১৯৬২ সালে বার্ট ল্যাঙ্কাস্টার অভিনীত ‘বার্ডম্যান অফ আলকাট্রাজ’ চলচ্চিত্রের মাধ্যমেও বিখ্যাত হয়েছিল কারাগারটি। এছাড়াও ১৯৯৬ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্যা রকে’র শুটিংও হয় এই দ্বীপে। ওই মুভিতে শন কনারি ও নিকোলাস কেজ অভিনয় করেন।

ফেডারেল ব্যুরো অফ প্রিজনসের ওয়েবসাইট অনুযায়ী, কারাগারটি চালাতে অত্যধিক ব্যয় হতো বলে এটি বন্ধ করে দেওয়া হয়। দ্বীপে অবস্থিত হওয়ার কারণে এর খরচ ছিল অন্য যেকোনও ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিনগুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *