কিছু দলের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয়: নজরুল ইসলাম খান

প্রচ্ছদ রাজনীতি

কিছু দলের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সব দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার। কিন্তু সেই অপেক্ষায় নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয়। জনগণের ক্ষমতা তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে।’

আজ শনিবার বিকেলে বগুড়ার শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আলোচনা সাপেক্ষে শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন জুনের মধ্যে প্রস্তুতির কথা বলেছে, তাহলে ডিসেম্বরের নির্বাচন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন, তাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। জনগণ স্থায়ী সরকার চায়। আওয়ামী লীগ সব সেক্টর ধ্বংস করেছে। তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, যা থেকেই পুনর্গঠনের দিশা পাওয়া যাবে।’

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা সমাবেশে বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *