কাল থেকে সারাদেশে ডিম–মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা

বাংলাদেশ

কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে দেশের পোল্ট্রি খাত চরম সংকটে পড়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি জানিয়েছে, সরকারের নীরবতা ও কর্পোরেট প্রভাবের কারণে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারছেন না।

এমন পরিস্থিতিতে ৭ দফা দাবি ঘোষণা করে এগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১ নভেম্বর (শনিবার) থেকে সারাদেশে পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় ডিম ও মুরগি উৎপাদন বন্ধ থাকবে বলে জানিয়েছে বিপিএ।

বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিপিএ।

সংগঠনটি জানায়, দেশে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ এই খাতের সঙ্গে যুক্ত, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী ও ৬০ শতাংশ শিক্ষিত বেকার যুবক। কিন্তু কর্পোরেট সিন্ডিকেটের একচেটিয়া বাজার দখলের কারণে এই বৃহত্তম কৃষিভিত্তিক খাতটি ধ্বংসের পথে।

বিপিএ’র ৭ দফা দাবি

১. কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।

২. কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।

৩. প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে।

৪. ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করতে হবে।

৫. উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে।

৬. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে।

৭. নীতিনির্ধারণী পর্যায়ে দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *