
‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখাতে যাচ্ছেন নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদ। যেখানে সিনেমার ট্যাগলাইন-‘আমি কালা’। গুঞ্জন উঠেছিল নতুন এই সিনেমায় থাকবেন শরিফুল রাজ ও মোশাররফ করিম। তবে সেই মোর ঘুরিয়ে দিয়ে আবারও লাইম লাইটে শাকিব। রাজ নয়, সিনেমাটিতে থাকছেন শাকিব খান।
মূলত ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত হবে ছবিটি। এতে শাকিব খান অভিনয় করবেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায়। চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন।
বিশেষ সূত্র জানিয়েছে, প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিকসহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।
জানা যায়,সিনেমাটিতে শাকিবের বিপরীতে চূড়ান্ত করা হয়েছে টলিউডের মধুমিতা সরকারকে। সূত্র বলছে, মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ, তার শিডিউলও নিশ্চিত। ছবিতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, দিলারা জামান, ও শহীদুজ্জামান সেলিম।
উল্লেখ্য,এ সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে মোতাবেকই শাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে পরিচালক আবু হায়াতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
