ওয়ানডে অধিনায়ক লিটন

খেলা

বাংলাদেশের ক্রিকেটে তিন অধিনায়কের যুগ শেষ হলো। এত দিন টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। বেশ কদিন ধরেই মিরাজকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছিল। সেটিই সত্যি হয়েছে। গতকাল বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে এখন থেকে লাল বল ও সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

বোর্ড সভা শেষে সভাপতি তামিম ইকবাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্যাপ্টেনসি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমাদের তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি এবং বোর্ডের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে লিটন দাস সাদা বলের অধিনায়ক। শান্ত লাল বলের ক্যাপ্টেনসি নিয়মিত করবে।’

মিরাজের অধিনায়কত্বে ২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে ১০ জয়ের বিপরীতে হার ১৪। এই সময়ে অধিনায়ক হিসেবে মিরাজ ২৭.২২ গড়ে ৪৯০ রান করেছেন। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল ভালো করতে পারেনি। নিজেদের পছন্দের সংস্করণ ওয়ানডেতেও স্বাগতিকদের কাছে ২-১ ব্যবধানে হারের তেতো স্বাদ পেতে হয়েছে। এরপরই তাকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল তামিম ইকবালের বোর্ড। তার পরিবর্তে নেতৃত্বের ঝাণ্ডা তুলে দেওয়া হলো অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের হাতে।

এর আগেও তিনি এই সংস্করণে দলকে নেতৃত্ব দিয়েছেন। লিটনের অধিনায়কত্বে ৭ ম্যাচে ৩ জয় ৩ হার বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *