
অস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান। দীর্ঘ ১৩ বছর পর কলকাতার মঞ্চে ফিরছেন তিনি। আগামী ১১ জানুয়ারি কলকাতায় যে কনসার্ট হওয়ার কথা ছিলো, তা নির্ধারিত দিনে হচ্ছে না। আয়োজক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জানুয়ারি মাসের সেই মেগা অনুষ্ঠানটি স্থগিত করে আগামী ১১ এপ্রিল করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কেটেছেন এবং এপ্রিলের অনুষ্ঠানে থাকতে পারবেন না, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ইমেইল করে টাকা ফেরতের আবেদন করতে পারবেন দর্শক।
তবে গুঞ্জন উঠেছে, কনসার্টের টিকিট বিক্রি আশানুরূপ না হওয়ায় আয়োজকদের কিছুটা বেগ পেতে হচ্ছে। আবার নিরাপত্তার প্রশ্নও উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বড় তারকাদের অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং বিশেষ করে ‘মেসি কাণ্ড’র পর সংগীতশিল্পীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। উল্লেখ্য, ২০২৬ সালকে ঘিরে ভারত ও মধ্যপ্রাচ্যে একটি বড় সংগীত সফরের পরিকল্পনা করেছেন এ আর রহমান। সেই তালিকায় আবু ধাবি, চেন্নাই এবং আহমেদাবাদের পাশাপাশি নাম ছিলো কলকাতার। দীর্ঘ তেরো বছরের বিরতি ভেঙে কলকাতায় ফেরার বিষয়টি নিশ্চিত হলে সেটিও আপাতত দৃষ্টিতে স্থগিত হলো।
