এমসি কলেজ টিলায় রহস্যজনক আগুন

শিরোনাম সিলেটের খবর

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের পার্শ্ববর্তী একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ইফতারের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় হঠাৎ এমসি কলেজ ছাত্রী নিবাস-১ এর পেছনের টিলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ঘটনার প্রতিবাদে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা সভাপতি সুমিত কান্তি দাস পিনাক ও সাধারণ সম্পাদক মিসবাহ খান, দোয়েল রায়সহ কলেজ শাখার নেতারা।

স্মারকলিপিতে বলা হয়- বুধবার সন্ধ্যায় এমসি কলেজ ছাত্রাবাসের পাশের টিলায় গাছে আগুন দেওয়া হয়। এতে বিশাল এলাকাজুড়ে গাছ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। আমরা বিভিন্ন সময় এ ঘটনার পুনরাবৃত্তি দেখেছি; কিন্তু কখনই প্রশাসনের তরফ থেকে কার্যকর ব্যবস্থা নিতে দেখিনি। ফলে আমরা দাবি করছি অতিদ্রুত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করা।

স্মারকলিপি গ্রহণ করেন কলেজ অধ্যক্ষ আবুল আনাম রিয়াজ। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *