
এএফসি নারী চ্যাম্পিয়নস লীগের প্রাথমিক পর্বে খেলতে ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ও মাঝমাঠের প্রাণভোমরা স্বপ্না রানী। দু’জনই খেলবেন রয়্যাল থিম্পু কলেজ উইমেন্স ফুটবল ক্লাবের (আরটিসি ডব্লিউএফসি) হয়ে। ২০২৫ এএফসি নারী চ্যাম্পিয়নস লীগের প্রাথমিক পর্বে ভুটানের একমাত্র প্রতিনিধি দল হিসেবে লড়বে তাদের দল।
এ আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাওসে। এখানেই চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আফঈদা ও স্বপ্না। গত জুন-জুলাইয়ে সিনিয়র দলকেও একই সাফল্য এনে দেন দু’জন। ভুটানি ক্লাব আরটিসিতে তাদের সঙ্গে যোগ দেবেন আরও তিন বাংলাদেশি ফুটবলার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। ইতিমধ্যে ক্লাবটির হয়ে তাদের অভিষেক হয়ে গেছে। ‘ডি’ গ্রুপের আরটিসি আগামী ২৫শে আগস্ট খেলবে চাইনিজ তাইপের কাওহসিয়ুং অ্যাটাকার্স সঙ্গে। তিনদিন পর উত্তর কোরিয়ার নেগোহিয়াং উইমেন্স এবং ৩১শে আগস্ট লাওসের মাস্টার এফসির বিপক্ষে খেলবে ভুটানিজ দলটি। এটি তাদের দ্বিতীয় মহাদেশীয় আসর।
